মূল সংবাদে যান
১৪ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’ করে ভিডিও ধারণ, প্রেমিকসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি ৮৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

সাতক্ষীরায় সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার বিকেলে র‌্যাবের সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক বিএন এম. মাহমুদুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, তালা উপজেলার জেঠুয়া গ্রামের আকবর আলী গাজী (৩৮) ও একই উপজেলার জালালপুর গ্রামের হাফিজুল মোড়লের ছেলে হোসাইন মোড়ল (১৮)।

প্রেস ব্রিফিংয়ে বিএন এম. মাহমুদুর রহমান জানান, কথিত প্রেমিক হোসাইন মোড়ল ও তার সহযোগী আকবর গাজী সকালে ফুসলিয়ে ওই স্কুলছাত্রীকে শহরের খড়িবিলা এলাকায় মোজাফ্ফর গার্ডেনে বেড়াতে নিয়ে যায়। সেখান থেকে তারা শহরের বাস টার্মিনাল সংলগ্ন হাসান আবাসিক হোটেলের একটি কক্ষে নিয়ে আসে ওই স্কুলছাত্রীকে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, এরপর সেখানে কথিত প্রেমিক হোসাইন মোড়ল তাকে ধর্ষণ করে। এ সময় আকবর গাজী তার ধর্ষণের ভিডিও ধারণ করে। পরবর্তীতে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই স্কুলছাত্রীকে আকবর গাজীও ধর্ষণ করে।

মাহমুদুর রহমান জানান, পরে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের পলাশপোল এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে এবং হোসাইন মোড়ল ও আকবর গাজীকে তাদের ধারণকৃত ধর্ষণের ভিডিওসহ আটক করেন।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের কর্মকর্তা বিএন এম. মাহমুদুর রহমান।