মূল সংবাদে যান
১৩ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ফুলবাড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

প্রতিনিধি ৮২ বার পঠিত ২ মিনিটের পাঠ

পারিবারিক কলহকে কেন্দ্র করে কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন স্বামী। অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ হত্যাকাণ্ডটি ঘটেছে শুক্রবার রাত ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামে। রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওই গ্রামের রিয়াজুল ইসলাম জানান, শুক্রবার সকালবেলা মানত করা একটি ছাগল কোরবানি দেন নজির হোসেন। কোরবানির মাংস বণ্টন করা হলে ওই মাংস থেকে কিছু মাংস তার স্ত্রী আনোয়ারা বেগম (৪৩) ঘরে রেখে দেন। সেই মাংস রান্না করাকে কেন্দ্র করে উভয়ের মাঝে তুমুল ঝগড়া বিবাদের সৃষ্টি হয়।

একপর্যায়ে স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে স্ত্রীর গলায় কোপ দেন স্বামী  নজির। সঙ্গে সঙ্গে মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আনোয়ারা বেগম।

খবর পেয়ে লোকজন জড়ো হয় তার বাড়িতে। এ সময় নজিরের মা নবিজন ও বাবা ইসমাইল হোসেন পালিয়ে যান। পরে এলাকার লোকজন স্বামী নজির হোসেনকে আটক করে বেঁধে রাখে এবং থানায় খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং নজিরকে আটক করে থানায় নিয়ে যায়। নিহত আনোয়ারা বেগমের দুই মেয়ে দুই ছেলে রয়েছে।

ঘটনার পর নিহতের মা আবেদা বেওয়া বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কাশিপুর ইউনিয়নের ইউপি সদস্য খলিলুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যা হয়েছে। তার শাস্তি হওয়া উচিত।

ফুলবাড়ী থানার এসআই হাবিবুর রহমান হাবিব জানান, স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। স্বামীকে আটক করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।