মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

সরকার দুর্নীতিকেই রাজনীতি হিসেবে নিয়েছে : গয়েশ্বর

ডেস্ক রিপোর্ট ৮৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দুর্নীতিকেই মূল রাজনীতি হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক সদরঘাট-কেরাণীগঞ্জ পারাপারে ১০০ বছরের অধিক পুরোনো গুদারাঘাট বন্ধ করার তীব্র ও নিন্দা প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, ‘সদরঘাট-কেরাণীগঞ্জ পারাপারের গুদারাঘাট বন্ধের ফলে নৌকা বেয়ে জীবিকা নির্বাহ করা মানুষগুলো বেকার হয়ে তাদের পরিবার-পরিজন নিয়ে পথে বসে যাবেন। বহু গার্মেন্টসকর্মী ও নিম্ন আয়ের মানুষ এই ঘাট দিয়ে নৌকায় পারাপার করেন। কেরাণীগঞ্জের ব্যবসায়ীরাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।’

তিনি বলেন, ‘একে তো করোনাভাইরাসের প্রভাবে মানুষ চরমভাবে আর্থিক অনটনের মধ্যে বাস করছে। তার মধ্যে সদরঘাট-কেরাণীগঞ্জ গুদারাঘাট বন্ধ করার সিদ্ধান্ত কেরানীগঞ্জবাসীর জন্য মরার ওপর খাড়ার ঘা।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে নানা ষড়যন্ত্রের মাধ্যমে জোর করে ক্ষমতায় বসে আছে বর্তমান শেখ হাসিনা সরকার। এই সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছে, আইনের শাসন দলীয় শাসনে পরিণত করেছে। এই আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দুর্নীতিকেই মূল রাজনীতি হিসেব বেছে নিয়েছে। তাই তারা জনগণের বাঁচা-মরা, সুবিধা-অসুবিধার দিকে না তাকিয়ে নিজের স্বার্থের দিকেই বেশি নজর দিচ্ছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, এবার থামুন। কেরাণীগঞ্জবাসীর সুবিধা-অসুবিধার কথা ভাবুন, নিম্ন আয়ের মানুষের কথা ভাবুন। কোভিড-১৯ এ বিপর্যস্ত মানুষেরগুলোর দিকে তাকিয়ে অবিলম্বে সদরঘাট-কেরাণীগঞ্জ গুদারাঘাট খুলে দিন। জনগণের কাতারে আসুন।’