মূল সংবাদে যান
১৩ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

বরিশালে অ্যাম্বুলেন্সের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৬

প্রতিনিধি ৮৩ বার পঠিত ৩ মিনিটের পাঠ

বরিশালে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যান-বাসের ত্রিমুখী সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। ঢাকায় চিকিৎসাধীন শিশুর মৃতদেহ নিয়ে ফেরার পথে এক পরিবারের চারজনসহ চয়জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আঁটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।

নিহত ছয়জন হলেন, ঝালকাঠী জেলার বাউকাঠী গ্রামের আরিফ হোসেন রাড়ি, তার ভাই তারেক হোসেন রাড়ি, বোন শিউলী বেগম, মা কহিনুর বেগম এবং অ্যাম্বুলেন্স চালক কুমিল্লার মো. আলমগীর। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান জানান, ঢাকা থেকে এক শিশুর লাশ নিয়ে পরিবারের সদস্যরা একটি অ্যাম্বুলেন্সযোগে ঝালকাঠীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আঁটিপাড়া রাস্তার মুখ অতিক্রমকালে বিপরীতমুখী দ্রুত গতির একটি কাভার্ডভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। অ্যাম্বুলেন্সের পেছনে থাকা মায়া পরিবহন নামে একটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে চাপা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে থাকা চালকসহ ৬ যাত্রী মারা যান। এদের মধ্যে চারজন পুরুষ এবং দুজন নারী। আহত হন বাসের ১০ যাত্রী। দুর্ঘটনায় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

ওসি আরও জানান, অ্যাম্বুলেন্সের ভেতর থেকে উদ্ধার হওয়া কাগজপত্র থেকে পুলিশ জানতে পেরেছে, একটি শিশুর লাশ নিয়ে অ্যাম্বুলেন্সটি ঝালকাঠী যাচ্ছিল। তিন দিন বয়সের শিশুটি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এবং গৌরনদী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স কেটে নিহতদের লাশ উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। 

এ ঘটনায় দায়ীদের শনাক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উজিরপুর ওসি মো. জিয়াউল আহসান।