জাতিসংঘের ৩ সংস্থার নির্বাহী বোর্ডে নির্বাচিত বাংলাদেশ
আগামী তিন বছরের জন্য জাতিসংঘের মাদকদ্রব্য বিষয়ক কমিশনের (সিএনডি) সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এছাড়া ইউনিসেফ ও ইউএন উইমেন’র নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে বাংলাদেশ পুনঃনির্বাচিত হয়েছে।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশে স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সহযোগী সংস্থা সিএনডি’র এই নতুন পরিষদ আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করবে।
নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে ইকোসক’র ব্যবস্থাপনা সভায় সদস্য রাষ্ট্রগুলোর প্রত্যক্ষ ভোটে গতকাল এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এই নির্বাচনে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ ভোট (৪৩ ভোট) পেয়েছে।
নির্বাচনে জয়লাভের পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা গণমাধ্যমকে বলেন, ‘এই বিজয় বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের নেতৃত্বের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থারই বহিঃপ্রকাশ।’