রাষ্ট্রপক্ষের গাফিলতি থাকলে ব্যবস্থা : আইনমন্ত্রী
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে রাষ্ট্রপক্ষের গাফিলতি থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
শনিবার দুপুরে মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি বিষয়ক সেমিনার শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
ঢাকা চেম্বার, বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) ও সার্ক আরবিট্রেশন কাউন্সিল (সার্ককো) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
মামলার শুনানির বিষয়ে প্রধান বিচারপতির মন্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আশা করছি প্রধান বিচারপতি বিষয়টি পয়েন্ট আউট করে অবশ্যই জানাবেন। আর তা না হলে আমরা প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা দেখব।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্তের বিষয়ে আনিসুল হক বলেন, ‘যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য এরইমধ্যে আদেশ দেওয়া হয়েছে।’
এর আগে সেমিনারে মন্ত্রী জানান, দেশে প্রতিবছর বাণিজ্য বিষয়ক মামলার দীর্ঘসূত্রিতায় ক্ষতি হয় ৪০০ মিলিয়ন ডলার।