গত বিশ বছরে বিশ্বে কর্মক্ষেত্রে নারীর উন্নয়ন সামান্য
বিশ্বে গত বিশ বছরে কর্মক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে নারীর খুবই সামান্য উন্নয়ন হয়েছে। ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত নারী ও পুরুষের নিয়োগের ব্যবধান মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এ তথ্য জানিয়েছে।
১৭৮টি দেশের ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, ২০১৫ সালে শ্রমবাজারে পুরুষের তুলনায় নারীর অংশগ্রহণ ২৫ দশমিক ৫ শতাংশ কম ছিল। গত বিশ বছরে শ্রমবাজারে নারী-পুরুষের অংশগ্রহণের অনুপাত মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে। বিশ্বের অনেক অঞ্চলে পুরুষদের তুলনায় নারী বেকারত্বের হার বেশি। বিশ্বজুড়ে নারী বেকারত্বের হার ৬ দশমিক ২ শতাংশ। অথচ পুরুষ বেকারত্বের হার সাড়ে ৫ শতাংশ। এরপরেও নারীদের অনেক ক্ষেত্রে নিম্নমানের কাজ গ্রহণ করতে হয়।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আইএলও প্রধান গাই রিডার বলেন, প্রতিবেদনে দেখা গেছে, একটি শালীন চাকরি পেতে ও তা রক্ষা করতে একজন নারীকে প্রচণ্ড চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়।
সর্বোচ্চ আয় ও নিম্ম আয় উভয় শ্রেণির দেশগুলোতে সেবা ও গৃহকর্মে এখনো নারী-পুরুষের মজুরিতে বৈষম্য রয়েছে। তবে সম্প্রতি এই বৈষম্য কিছুটা কমতে শুরু করেছে। বিনা বেতন ও বেতনসহ উভয়ক্ষেত্রেই নারীদের শ্রমঘন্টা পুরুষের তুলনায় বেশি।