উত্তর কোরিয়ায় ‘কৃত্রিম ভূমিকম্প’ শনাক্ত
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা দাবি করেছেন, তারা উত্তর কোরিয়ায় ‘কৃত্রিম ভূমিকম্প’ শনাক্ত করেছেন।
তারা আশঙ্কা করছেন, বিস্ফোরণজনিত কারণে এ ভূমিকম্প অনুভূত হয়েছে, যা তারা শনাক্ত করতে পেরেছেন। আবার তাদের মধ্যে কেউ কেউ এও দাবি করেছেন, পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণেও এই ভূকম্পন হতে পারে।
বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার ভূকম্পন নির্ণয়কেন্দ্রের কর্মকর্তারা দাবি করেছেন, স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে তারা ২.২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেন। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে ৩৪ কিলোমিটার দূরের কোনো স্থানে ভূপৃষ্ঠের ১ কিলোমিটার গভীরে ভূকম্পের কেন্দ্র অবস্থিত।
গত জানুয়ারি মাসে এর চেয়ে বেশি মাত্রার কৃত্রিম ভূকম্পন শনাক্ত করে দক্ষিণ কোরিয়া। পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ওই ভূমিকম্প অনুভূত হয়।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ ভূকম্পন নির্ণয়কেন্দ্রের এক কর্মকর্তার উদ্ধৃতি উল্লেখ করেছে। তিনি বলেছেন, আমরা মনে করছি না পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষার ফলে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। ক্ষেপণাস্ত্রকেন্দ্রে কোনো বিস্ফোরণের কারণে ভূমিকম্প হয়ে থাকতে পারে।