মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার
প্রথমবারের মতো মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাকচোন কাউন্টি থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় এবং পরে তা দেশটির পূর্ব উপকূলে গিয়ে পতিত হয়। শুক্রবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপনাস্ত্রটি প্রায় ৮০০ কিলোমিটার ওড়ার পর উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে সাগরে গিয়ে পতিত হয়। এটি সামরিক যান থেকে এটি উৎক্ষেপন করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, জাপানে আঘাত হানতে সক্ষম মধ্যমপাল্লার ক্ষেপনাস্ত্রের এবারই প্রথমবারের মতো পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।
সামরিক সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, উত্তর কোরিয়া মধ্যমপাল্লার একটি রোডং ক্ষেপণাস্ত্র ছুড়েছে যা ১ হাজার ৩০০ কিলামিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। গত মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন স্বল্প সময়ের মধ্যে তার দেশের সামরিক বাহিনীকে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু ওয়্যারহেড পরীক্ষার নির্দেশ দিয়েছেন। তার পরই এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হলো।
গত ৬ জানুয়ারি চতুর্থবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। এর মাত্র এক মাসের মাথায় মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপন করে দেশটি। এ ঘটনার পর দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক অবরোধ আরো কঠোর করার আহ্বান জানানো হয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে।