মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

রাজনীতিবিদদের এখন ট্যারা চোখে দেখে : এরশাদ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৯০ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এখন দেশে রাজনীতি বলতে কিছু নেই। সবচেয়ে ঘৃণিত এখন রাজনীতিবিদেরা। আগে মানুষ রাজনীতিবিদদের সম্মান করতো, এখন ট্যারা চোখে দেখে এবং বলে লোকটা রাজনীতি করে।

মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় এরশাদ এসব কথা বলেন।

এরশাদ বলেন, ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা লুট হয়েছে, কিন্তু এজন্য কারো বিচার হয়নি বা হবে না। নজিরবিহীনভাবে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা লুট হচ্ছে, এসব টাকা আমার দেশের মানুষের, কিন্তু এজন্যও কোনো বিচার হবে না।

তিনি আরও বলেন, বর্তমানে দেশ মহাসংকটময় সময় পার করছে। এর থেকে উত্তরণে জাতীয় পার্টির কোনো বিকল্প নেই। তিনি সাম্প্রতিক সময়ে দেশের আলোচিত তনু হত্যার তীব্র সমালোচনা করে বলেন, দেশে বর্তমানে শিশু, নারী ধর্ষণ ও হত্যা বেড়ে গেছে। যদি এ অপরাধের বিচার হতো, সাজা হতো ও দোষীদের আদালতে যেতে হতো তাহলে এসব হতো না।

এর আগে এরশাদ বিকাল ৪টায় লালমনিরহাটে পৌঁছলে জাতীয় পার্টির হাজার হাজার নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি জিএম কাদেরকে সভাপতি ও মাহবুবুল আলম মিঠুকে সাধারণ সম্পাদক করে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/30-03-2016/মইনুল হোসেন