ভোটের ১২ দিনের মাথায় ফুল হাতে মনজুরের বাসায় নাছির
উত্তরসূরীকে স্বাগত জানিয়ে এ সময় তাকে মিষ্টিমুখ করান সাবেক মেয়র মনজুর, যিনি ভোট চলাকালেই কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন এবং রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।
২০১০ সালে সিটি নির্বাচনের পর সে সময়ের বিজয়ী মেয়র মনজুর আলম তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও রাজনৈতিক গুরু এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসায় গিয়েছিলেন। মনজুরকে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে সে সময় কথা বলেছিলেন মহিউদ্দিন।
রোববার বেলা সোয়া ১১টার দিকে নগরীর উত্তর কাট্টলিতে মনজুর আলমের বাসায় যান আ জ ম নাছির।সংসদ সদস্য এম এ লতিফ, দিদারুল আলম, নগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, ওয়ার্ড কাউন্সিলর নিছার উদ্দিন মঞ্জু তার সঙ্গে ছিলেন।
কুশল বিনিময়ের আগে মনজুর ও নাছিরকে আলিঙ্গন করতে দেখা যায়। চট্টগ্রামের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে পরস্পরের মুখে তারা মিষ্টি তুলে দেন।
প্রায় ১০ মিনিট বিভিন্ন বিষয়ে আলোচনার পর বেরিয়ে এসে নতুন মেয়র সাংবাদিকদের বলেন, মেয়র হিসাবে দায়িত্বপালনের সময় তিনি সাবেকদের পরামর্শ নিয়েই পথ চলতে আগ্রহী।
“এখনো দায়িত্ব নিইনি। দায়িত্ব গ্রহণ করলে সিটি করপোরেশন পরিচালনায় অবশ্যই আমি মনজু ভাইয়ের সহযোগিতা চাইব।
আগের সিটি করপোরেশনের মেয়াদ শেষ না হওয়ায় দায়িত্ব নেওয়ার জন্য ২৫ জুলাই পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে নাছিরকে। নগরীর ৬০ লাখ বাসিন্দার স্বার্থে, চট্টগ্রামের স্বার্থে ‘সব সংকীর্ণতা ঊর্ধ্বে উঠে, সবার সহযোগিতায়’ দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির বলেন, “প্রতিদিনই সিটি করপোরেশনের সচিব, প্রধান নির্বাহী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি। বিভিন্ন বিষয় জেনে নিচ্ছি। দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত এভাবেই চলবে।”
মনজুর আলম বলেন, “আমিও প্রথমবার যখন মেয়র নির্বাচিত হই তখন সাবেক মেয়রের (এ বি এম মহিউদ্দিন চৌধুরী) কাছে গিয়েছিলাম। নতুন মেয়রও আমার কাছে এসেছেন, তাকে আমি স্বাগত জানিয়েছি।
“নতুন মেয়র যদি বিন্দুমাত্র সহযোগিতা চান তা সর্বোচ্চ আন্তরিকতার সাথে করতে রাজি আছি। এই সংস্কৃতি বজায় থাকলে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে।”
২০১০ সালের নির্বাচনের পর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম সভা হয় ওই বছরের ২৫ জুলাই। এ কারণে বর্তমান করপোরেশনের মেয়াদ রয়েছে আগামী ২৫ জুলাই পর্যন্ত।
গত ২৮ এপ্রিলের ভোটে মেয়র নির্বাচিত হওয়ার পর ৬ মে শপথ নেন আ জ ম নাছির।চলতি মাসের শেষ সপ্তাহে তিনি দায়িত্বে যোগ দেবেন।
১০ মে ২০১৫/ এম ইউ
