মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

নাইজেরিয়ায় ব্যাপক সংঘর্ষে নিহত ৪০

ডেস্ক রিপোর্ট ১৪২ বার পঠিত ২ মিনিটের পাঠ
নাইজেরিয়ায় ব্যাপক সংঘর্ষে নিহত ৪০

নাইজেরিয়ায় বন্দুকধারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪০ জনেরও বেশি নিহত হয়েছে। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির কাস্টিনা রাজ্যে এ ঘটনা ঘটে। দেশটিতে আসন্ন পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের অল্প কয়েকদিন আগে এই সংঘর্ষ ঘটল।

কাস্টিনা পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ’র বরাত দিয়ে আল-জাজিরা জানায়, একটি সশস্ত্র গ্যাং যারা স্থানীয়ভাবে ডাকু নামে পরিচিত তারা বাকোরি গ্রামে হামলা চালায় এবং গ্রামবাসীর ওপর গুলি ছুড়তে থাকে। এতে ৪০ জনেরও বেশি নিহত হয়। এরপর পালিয়ে যাওয়ার আগে তারা গ্রামের গবাদিপশু লুট করে জঙ্গলে পালিয়ে যায়।

ঘটনার পরপরই জঙ্গলে ডাকুদের খোঁজ করতে স্থানীয় সশস্ত্র প্রহরীদের দায়িত্ব দেওয়া হয়। পরে জঙ্গলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। সেখানেও প্রাণহানির ঘটনা ঘটে। দস্যুদের শাস্তি দেওয়ার বিষয়ে ইসাহ বলেন, ‘অভিযুক্তদের শাস্তির মুখোমুখি করতে একটি যৌথ অভিযান চলছে’।

কাস্টিনা সরকারের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ইব্রাহিম আহমেদ বলেছেন, ‘আমরা গ্রামবাসীদের আইন নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছি। অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে’।

তবে কাস্টিনা পুলিশের দুটি সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ৫০। জঙ্গল থেকে এরই মধ্যে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য রাজ্যের কাঙ্কারা নামের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কতজন আহত হয়েছে এ বিষয়ে কোনো তথ্য দেয়নি সূত্র।