মূল সংবাদে যান
২১ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে পুকুর থেকে আ. লীগ নেতার মরদেহ উদ্ধার

মোহাম্মদ আরিফুল ইসলাম ৬৮৫ বার পঠিত ২ মিনিটের পাঠ
কিশোরগঞ্জে পুকুর থেকে আ. লীগ নেতার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে পুকুর থেকে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বাদল রহমানের (৬২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল ৯টার দিকে শহরের চর শোলাকিয়া এলাকার ব্যাপারী বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার রাত ৮টার দিকে বাদল বাসা থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি। রোববার সকালে শহরের চর শোলাকিয়া এলাকার ব্যাপারী বাড়ির পুকুরে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান মরদেহটি উদ্ধারের পর দেখেন আওয়ামী লীগ নেতা বাদল রহমানের। পরে পুলিশ মরদেহ কিশোরগঞ্জ মডেল থানায় নিয়ে আসে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, ‘তাঁর (বাদল রহমান) শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’