ডেঙ্গুতে এক দিনে রেকর্ড ১৯ জনের মৃত্যু
সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এ সংখ্যক মৃত্যু হয়। এটি চলতি বছর ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। নতুন ১৯ জনসহ চলতি বছরে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৬ জনে।
এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৯২ জন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু ১৪৬ জনের এবং মোট সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৭৯২ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৭৯২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৯২২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলের রয়েছেন ৮৭০ জন।
আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৯০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৭৮ জন এবং ঢাকার বাইরের ৮১২ জন।
অন্যদিকে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে ঢাকার ১৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলের দুজন রয়েছেন। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা মহানগরের আগের কিছু মৃত্যুর প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আজকের প্রতিবেদন সমন্বয় করা হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৭৯২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৬ হাজার ৩৯৮ জন এবং ঢাকার বাইরের বাসিন্দা ৯ হাজার ৩৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২০ হাজার ৯৪ জন। তাদের মধ্যে ঢাকায় ১২ হাজার ৯১৫ জন এবং ঢাকার বাইরের ৭ হাজার ১৭৯ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫ হাজার ৫৫২ জন। তাদের মধ্যে ঢাকায় ৩ হাজার ৩৭০ জন এবং ঢাকার বাইরের ২ হাজার ১৮২ জন।