মূল সংবাদে যান
১২ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

বাগেরহাটে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট ২৭৭ বার পঠিত ২ মিনিটের পাঠ
বাগেরহাটে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক নারী ও তার শিশুকন্যাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার উত্তর রাজাপুর গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হন ওই নারী ও তার মেয়ে।

নিহত পাপিয়া আক্তার উত্তর রাজাপুর গ্রামের আবু জাফরের স্ত্রী এবং ধানসাগর এলাকার মো. আব্দুল হোসেন খকিফার মেয়ে। আর ছাওদা জেনি পাপিয়া আক্তার ও আবু জাফর দম্পতির মেয়ে। তাদের আরও একটি ছেলে আছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে মা ও মেয়েকে কুপিয়ে রেখে যায়। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় শিশু জেনিকে তার চাচা আবু তালেব টুকুর বাড়িতে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। আর পাপিয়া আক্তারকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাপিয়ার পরিবারের দাবি, স্বামীর সঙ্গে বিরোধ থাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এদিকে খবর পেয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমান ও শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম হোসেনসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।