মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

নওগাঁয় ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট ৩০৯ বার পঠিত ৩ মিনিটের পাঠ
নওগাঁয় ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে অব্যাহতি

নওগাঁয় মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট করায় ছাত্রলীগের ১৪ জন নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী।

এর আগে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের অব্যাহতির একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। যেখানে সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগ এনে বিভিন্ন ইউনিটের ১৪ জন ছাত্রলীগ নেতাকর্মীকে অব্যাহতি দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।

অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতারা হলেন- আত্রাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম ও মাহথির মোহাম্মদ তুফান, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ ফারুক বাচ্চু ও রায়হান সোবহান রাসেল, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আইজাক শামীম, সদস্য মিজানুর রহমান এবং শাহাগোলা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির সরদার। এছাড়াও রয়েছে নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুমিনুল ইসলাম সাগর, মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রাজিব মণ্ডল, ধামইরহাট উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক সাজু আহম্মেদ, রাণীনগর উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হাবিব হাসান, নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য রামিম রেজা আকাশ এবং নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আপন হোসেন।

নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী বলেন, সম্প্রতি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে ফেসবুকে সহানুভূতিশীল পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছিল। তদন্ত করতে গিয়ে এখন পর্যন্ত ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কাজে জড়িত থাকাসহ শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, জেলা ছাত্রলীগের অধীনস্থ কোনো কমিটির অন্য নেতাকর্মীরা ফেসবুকে এ ধরনের পোস্ট করেছেন কিনা, সে বিষয়ে এখনো খোঁজখবর নেওয়া হচ্ছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ওই আসামিকে নিয়ে কেউ সহানুভূতিশীল পোস্ট দিয়ে থাকলে তাদেরও অব্যাহতি দেওয়া হবে।