‘রূপপুরে বিদ্যুতের উৎপাদন ব্যয় বেশি হবে’
মুক্তিযোদ্ধারকণ্ঠ ডেস্কঃ রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় পরিবেশ ও নিরাপত্তার নিয়ে সন্তুষ্ট অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ অনেক ব্যয়বহুল হলেও রাশিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পরিবেশ ও নিরাপত্তার বিষয়ে অনেক এগিয়েছে। এ ধরনের প্রযুক্তিই এখানে ব্যবহার করা হবে।
রাশিয়া সফর শেষে দেশে ফেরার পর মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে যে বিদ্যুৎ উৎপাদিত হবে, সেটা অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় ‘ভেরি কস্টলি ফর পাওয়ার জেনারেশন’। তবে ব্যয় এখনো অ্যাসেসমেন্ট করা হয়নি। আমি এটা অ্যাসেসমেন্ট করার চেষ্টা করছি। একটা কমিটি করা হয়েছে। তারা সবকিছু দেখছে।’
তিনি বলেন, ‘এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে পরিবেশের বিষয়টি যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা ‘ফ্যান্টাস্টিক’।’
রাশিয়া সফরকে ‘ইন্টারেস্টিং’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘রাশিয়া সফরকালে তাদের নতুন একটি পারমাণবিক বিদ্যুৎ পরিদর্শন করেছি, বাংলাদেশে যেটা নির্মিত হচ্ছে সেটা একই ধরনের।’
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২১-০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান