মূল সংবাদে যান
০১ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

চুন্নুর প্রার্থিতা বাতিলে নৌকার প্রার্থীর আপিল

মোঃ আব্দুল জলিল ৪১৩ বার পঠিত ২ মিনিটের পাঠ
চুন্নুর প্রার্থিতা বাতিলে নৌকার প্রার্থীর আপিল

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নুর প্রার্থীতা বাতিল চেয়ে আপিল করেছেন একই আসনের মনোনয়ন বাতিল হওয়া আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খান। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের আপিল বিভাগে তিনি এই আবেদন করেন।

কিশোরগঞ্জ-৩ আসনে নিজের প্রার্থিতা ফিরে পেতে আপিলের পর এবার চুন্নুকে আটকাতে চান নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান। বাছাইয়ে এ আসনে মজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বৈধ হয়েছে।

এর আগে হলফনামায় অসত্য তথ্য দেওয়ায় নাসিরুলের মনোনয়নপত্র বাতিল হয়। নাসিরুল খানের ফৌজদারি মামলা থেকে অব্যাহতির কাগজ দেখাতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল হয়।

নাসিরুল বলেন, বাছাইয়ে আমার মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরদিন ৫ ডিসেম্বর নির্বাচন কমিশনে আমার প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছি। আজ ঋণখেলাপের অভিযোগে জাতীয় পার্টির প্রার্থী মজিবুল হক চুন্নুর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করলাম।

আবেদনে নাসিরুল জানিয়েছেন, রূপালী ব্যাংক পুরানা পল্টন, কর্পোরেট শাখা থেকে পাঁচ কোটি ৭০ লাখ টাকা ঋণের বিপরীতে গ্যারান্টার মো. মজিবুল হক দীর্ঘদিন খেলাপি আছেন। অতএব সে কিভাবে এমপি মনোনয়নের জন্য আবেদন করতে পারে। তার মনোনয়ন আইন মোতাবেক বাতিল যোগ্য।

নাসিরুল ইসলাম খান অভিযোগ করেছেন, বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট গোপন করে মনোনয়নের জন্য কাগজপত্র দাখিল করেছেন চুন্নু, যার জরুরি ভিত্তিতে তদন্ত হওয়া দরকার।