স্ট্যান্ডার্ড ব্যাংক পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক হচ্ছে
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ এবার বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড (এসবিএল) পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
এ বিষয়ে ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিবকে নির্দশনা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত ১৩ জুন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডকে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক হিসেবে আত্মপ্রকাশের আবেদনের বিষয়টি তুলে ধরেন। এ সময় অর্থমন্ত্রীও তাদের আবেদনে ইতিবাচক সাড়া দেন। এরপরই কাজী আকরাম উদ্দিন আহমদ গত ২০ জুন অর্থমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেন বলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে।
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ব্যাংক কোম্পানি আইন-১৯৯৪ এর আওতায় ১৯৯৩ সালের ৩ জুন থেকে বাণিজ্যিকভাবে কাজ শুরু করে। ব্যাংকটির সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের পাঁচটি বিভাগে মোট ১০৪টি শাখা রয়েছে। এরমধ্যে ঢাকায় ৪৮টি, চট্রগ্রামে ২৬টি, খুলনায় ১১টি, রাজশাহীত ১৩টি এবং সিলেটে ৬টি শাখা রয়েছে।
ব্যাংকটির বিভিন্ন শাখায় ইসলামি মুদারাবা ব্যবস্থা চালু রয়েছে। ব্যাংকটি একটি পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকে রূপান্তরের জন্য গত ২০০৮ সালের ২১ অক্টোবর ব্যাংক পর্ষদের ১৩৫তম বৈঠকে সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৯ জনুয়ারি বাংলাদেশ ব্যাংকের অনুমতি চেয়ে আবেদন করে। পরপর কয়েকবার চিঠি দিয়েও বাংলাদেশ ব্যাংক থেকে সাড়া না পেয়ে সর্বশেষ ২০১৩ সালের ২৯ জুলাই আবার আবেদন করে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে সাড়া না পেয়ে অর্থমন্ত্রীর স্মরণাপন্ন হতে হয়েছে।
স্ট্যান্ডার্ড ব্যাংকে ৬ সদস্যের একটি শরিয়াহ সুপারভাইজরি কমিটি রয়েছে। ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ এ কমিটির চেয়ারম্যান। এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা সালাহউদ্দিন আহমদ, নরসিংদীর জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসার হাফেজ কাজী মোহাম্মদ ইব্রাহিম, কাজী খুররম আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সালেহীন এবং আলী রেজা।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলেই ব্যাংকটি পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১০- ০৭-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান