মূল সংবাদে যান
২৩ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আবেগজড়িত প্রধানমন্ত্রী কাঁদলেন, অন্যদেরও কাঁদালেন

মুক্তিযোদ্ধার কন্ঠ ১০ বার পঠিত

hasina crying
ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশবাসীর মর্যাদা রক্ষায় তিনি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছেন। ১৯৮১ সালের এই দিনে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের স্মৃতিচারণকালে তিনি এ কথা বলেন। এ সময় তাঁর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে।
আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন,

আমি বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। কিন্তু কোনো পরিস্থিতিতেই আমি শংকিত হয়নি। কারণ, আমি সবকিছু হারিয়েছি। এখন আর হারানোর কিছু নেই। আমি কারো কাছে নতি স্বীকার করিনি এবং একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে কখনো নতি স্বীকার করবো না। দেশ ও জাতির মর্যাদা রক্ষায় আমি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছি।
শেখ হাসিনা বলেন, সকল প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারবেন বলে তিনি দৃঢ় আশাবাদী এবং অতীতের বাধাসমূহ পেরিয়ে আসতে সহায়তা করার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আওয়ামী লীগ নেতাদের পিনপতন নিরবতার মধ্যে তিনি আরো বলেন, দেশের জনগণ যদি আমার সঙ্গে না থাকতো তাহলে আমি এতদূর এগুতে পারতাম না অথবা এতো অর্জন আমার পক্ষে সম্ভব হতো না।
প্রধানমন্ত্রী তাঁর ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আজ সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতারা তাঁকে অভিনন্দন জানাতে আসলে তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মঞ্চে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং সাবেক চীফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পরিবারের অধিকাংশ সদস্যসহ বর্বরোচিতভাবে নিহত হওয়ার পর ৬ বছর প্রবাসে অবস্থান শেষে ১৯৮১ সালের এই দিনে শেখ হাসিনা দেশে ফিরে আসেন।
বঙ্গবন্ধুর বর্বরোচিত হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা জার্মানীতে থাকায় প্রাণে বেঁচে যান।
এর আগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসমূহের নেতারা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া ও স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান।
তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে পুরো সময়েই প্রধানমন্ত্রীকে কাঁদতে দেখা গেছে। এ সময় তাঁর পেছনে মঞ্চে বসে থাকা সৈয়দা সাজেদা চৌধুরী প্রধানমন্ত্রীর হাতের ওপর হাত রেখে তাঁকে সান্ত্বনা দেন।