মূল সংবাদে যান
১০ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

মাদারীপুরে হাত-বোমা বানাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ডেস্ক রিপোর্ট ২০৩ বার পঠিত ২ মিনিটের পাঠ
মাদারীপুরে হাত-বোমা বানাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

মাদারীপুরের কালকিনি উপজেলায় হাতবোমা বানাতে গিয়ে মোদাচ্ছের হাওলাদার (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার দুপরের দিকে কালকিনির চরদৌলত খান ইউনিয়নের দক্ষিণ সিডিখান গ্রামে এ ঘটনা ঘটে। আহতদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

নিহত মোদাচ্ছের বরিশালের মুলাদি উপজেলার বাটামারা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিডিখান গ্রামের ইউনুছ সর্দার নামে এক ব্যক্তির বাড়িতে বসে হাত-বোমা বানাচ্ছিলেন মোদাচ্ছের হাওলাদারসহ চার-পাচঁ জন। এ অবস্থায় দুপুরের দিকে বোমা বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হন তিনজন। পরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মোদাচ্ছের হাওলাদার মারা যান। এ ঘটনায় লিটন ঢালী ও রিপন নামে আরও দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, কোন কারণে তারা হাত-বোমা তৈরি করছিলেন সেই বিষয়ে এখনও জানা যায়নি। তবে ঘটনার পরে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে যে বাড়িতে বোমা তৈরি হচ্ছিল তাকেও আইনের আওতায় আনা হবে।