উন্নয়নের নামে আওয়ামীলীগ গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করছে : বিএনপি

মুক্তিযোদ্ধার কন্ঠঃ উন্নয়নের নামে সরকার গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। সোমবার বিকালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বক্তব্যের প্রতিক্রিয়ায় ড. রিপন বলেন,
শেখ মুজিব যখন সব দল নিষিদ্ধ করে ও সকল রাজনৈতিক অধিকার খর্ব করে দেশে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন, তখন নাসিমের পিতা ছিলেন সেই বাকশালের সাধারণ সম্পাদক। তাই নাসিমের গণতন্ত্র সীমিত বা একেবারেই না রাখা নিয়ে দেওয়া বক্তব্যে আমরা বিস্মিত হই না।
রিপন বলেন, মোহাম্মদ নাসিম মালয়েশিয়া, মাহাথির মোহাম্মদ, সিঙ্গাপুরের উদাহরণ টেনেছেন। কিন্তু তাকে মনে রাখতে হবে বাংলাদেশের প্রেক্ষাপট আর মালয়েশিয়া, সিঙ্গাপুরের প্রেক্ষাপট এক নয়। তা ছাড়া, মাহাথির মোহাম্মদ কখনো দুর্নীতিপরায়ন ছিলেন না। তিনি তার ভিশন ও নেতৃত্ব দিয়ে মালয়েশিয়াকে উন্নয়নের মাইলফলকে নিয়ে গেছেন। অথচ বাংলাদেশের বর্তমান শাসকগোষ্ঠী গত ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মধ্যদিয়ে ক্ষমতায় চেপে বসেছে। তাদের পক্ষে জনগণের কোনো ম্যান্ডেট নেই। সরকার ইতোমধ্যেই গণতন্ত্রকে সংকুচিত করে ফেলেছে। উন্নয়নের কথা বলে তারা দেশে একদলীয় ফ্যাসিবাদের দিকে এগিয়ে চলছে। যেহেতু মো. নাসিম সরকারের দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ও ১৪ দলীয় মহাজোটের মুখপাত্র, তাই গণতন্ত্র সীমিত করার পক্ষে তার দেওয়া বক্তব্যের আমরা সু ব্যাখ্যা দাবি করছি।
রিপন আইয়ুবের শাসনামলের উদাহরণ টেনে বলেন, পাকিস্তান আমলে আইয়ুবের শাসনামলে উন্নয়নের এক দশক বলে একটি বক্তব্য প্রচলিত ছিল। কিন্তু বাংলাদেশের মানুষ সেই উন্নয়ন গ্রহণ করেনি। বাংলাদেশের মানুষ রক্ত-মাংসে স্বাধীন ও গণতন্ত্র প্রিয়। আইয়ুবের উন্নয়নের গণতন্ত্র তারা মেনে নেয়নি। মেনে নিলে বাংলাদেশ স্বাধীন হত না।