মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সালাহ উদ্দিন আহমেদের জামিন শুনানি হবে আগামী ২৯ মে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৬ বার পঠিত

salauddin bnp
মুক্তিযোদ্ধার কন্ঠঃ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের জামিন শুনানি হবে আগামী ২৯ মে। ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের নিম্ন আদালতে এ শুনানি হবে। ৬২ দিন নিখোঁজের পর সাবেক এই প্রতিমন্ত্রীকে ১১ মে শিলংয়ের গলফ লিংক এলাকায় উদ্ধার হন। শারীরিকভাবে অসুস্থ থাকায় দুই দফা হাসপাতাল পরিবর্তন করা হয়। এখন তিনি চিকিৎসা নিচ্ছেন নর্থ-ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওয়নাল ইনিস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিক্যাল সায়েন্সেস (নেগরিমস)-এ।

সালাহ উদ্দিনের আইনজীবী এস পি মোহন্ত শুক্রবার শিলংয়ের নিম্ন আদালতে তার জামিনের আবেদন করেন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার জন্য পরিবারের দাবির প্রেক্ষিতেই জামিনের জন্য আবেদন করেন আইনজীবী। তিনি আদালতকে বলেন, তার মক্কেল অসুস্থ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো জরুরি। এ সময় সালাহ উদ্দিন আহমদের পাসপোর্টের ফটোকপি আদালতে পাঠানো হয় এবং দেখানো হয় সালাহ উদ্দিন আহমেদ বিশ্বের বিভিন্ন দেশ বৈধভাবে ভ্রমণ করেছেন।

তবে সরকারি আইনজীবী তার জামিনের বিরোধিতা করে বলেন, “সালাহ উদ্দিনের অনুপ্রবেশের পর এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারেনি পুলিশ। কোনো তদন্তই হয়নি। তাই এ পরিস্থিতিতে তাকে জামিন দেওয়া সম্ভব নয়। দুই পক্ষের যুক্তি শোনার পর ম্যাজিস্ট্রেট এল খারশিং ২৯ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।”

নেগরিমস হাসপাতালে ভর্তির পর সালাহ উদ্দিনের বিভিন্ন প্যাথলজি টেস্ট করা হয়। শারীরিক টেস্টের রিপোর্ট পরীক্ষা করেছেন বেশ কয়েকজন চিকিৎসক। চিকিৎসকরা তার রিপোর্ট দেখে মনে করছেন শারীরিক অবস্থার অবনতি হয়নি। এ অবস্থা থাকলে আগামী সপ্তাহে তাকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।

নেগরিমস’র ভারপ্রাপ্ত সুপার ভাস্কর বর্গাইন জানান, সালাহ উদ্দিনের শারীরিক অবস্থা মোটামুটি স্বাভাবিক। তবে তার হার্ট ও মূত্রনালীতে সংক্রমণ রয়েছে। এ সব সমস্যার কারণে আরও কিছু দিন তাকে চিকিৎসা নিতে হবে।

২৩ মে ২০১৫/ নিঝুম