ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে শাহবাগে আন্দোলন চলমান। সেই বিক্ষোভ সমাবেশের পাশ থেকে ‘খেলনা পিস্তলসহ’ মো. আরাফাত জামান (৩৯) নামের এক যুবককে আটক করা হয়েছে।
যুবককে ‘অস্ত্রসহ আটকের’ তথ্যের পর পুলিশ বলেছে, সেটি একটি ‘খেলনা পিস্তল’।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা তাকে আটক করে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর ওই যুবককে শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, এক যুবককে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে, ওই ঘটনা তুলে ধরতে গিয়ে বিক্ষোভকারীদের কেউ কেউ ফেসবুকে লেখেন, সমাবেশস্থল থেকে ‘একজন অস্ত্রধারীকে আটক করা হয়েছে’।
তবে রাত ৯টার দিকে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, আটক ওই ব্যক্তির নাম আরাফাত। তার কাছে যে অস্ত্রটি পাওয়া গেছে সেটা একটা খেলনা পিস্তল।
তিনি বলেন, সে কী উদ্দেশ্যে, কেন এখানে (শাহবাগে) এসেছে, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।