ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী ৯ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ও নির্বাচনি পরিবেশের কথা বিবেচনা করে শুক্রবার এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে দলটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি বলেছে, আমীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে মহাসমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ২৫ ডিসেম্বর দলের এক সভায় সমাবেশের ঘোষণা দেওয়া হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যা জড়িতদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন ও নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের দাবিতে ওই ঘোষণা দেওয়া হয়েছিল।
সমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ার সভায় উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ দলের কেন্দ্রীয় নেতারা।
সংশোধিত সূচি অনুযায়ী আগামী ৯ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কথা রয়েছে।