মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

লতিফকে বহিষ্কারের চিঠি স্পিকারের হাতে আট মাস পর

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত

latif sddiki
সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের দীর্ঘ আট মাস পর চিঠি দিয়ে বিষয়টি স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
ফলে দল থেকে বহিষ্কৃত লতিফকে সংসদ সদস্য পদও হারাতে হবে কিনা সে প্রশ্নটি নতুন করে সামনে চলে এসেছে।

হজ নিয়ে মন্তব্যের কারণে বিভিন্ন মহলের দাবির মুখে ক্ষমতাসীন আওয়ামী লীগ গতবছর অক্টোবরে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি দল থেকেও বহিষ্কার করে।
সে সময় তার সাংসদ পদ নিয়ে নানামুখি আলোচনার মধ্যে সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ বলেছিলেন, বিদ্যমান আইন অনুযায়ী ‘ফ্লোর ক্রসিংয়ে’ না পড়ায় লতিফ সিদ্দিকী দল থেকে বাদ পড়লেও সাংসদ পদে থাকতে পারবেন।

তবে এ নিয়ে ‘কোনো বিতর্ক সৃষ্টি হলে’ স্পিকার ‘আইন বিশ্লেষণ করে’ তার সমাধান দেবেন বলেও সে সময় জানিয়েছেন তিনি।

এর মধ্যে ধর্মীয় উসকানির মামলায় আত্মসমর্পণ করে কারাগারে যান টাঙ্গাইলের প্রভাবশালী সিদ্দিকী পরিবারের লতিফ সিদ্দিকী। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর গত ২৯ জুন তিনি মুক্তি পান।

শেষ পর্যন্ত লতিফকে বহিষ্কার করার বিষয়টি জানিয়ে আওয়ামী লীগের পাঠানো চিঠি গত ৫ জুলাই স্পিকার শিরীন শারমিনের হাতে পৌঁছায়।

স্পিকার সংবাদমাধ্যমকে জানান, গত ৫ জুলাই আওয়ামী লীগ অফিস থেকে তাকে চিঠি দেওয়া হয়েছে।

লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ থাকবে কিনা বিষয়টি আইন দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

২০১৪ সালের ২৩ নভেম্বর রাতে ভারত হয়ে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। পরদিন তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।