আরও চার জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দিয়েছে সরকার। উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে জেলায় পদায়ন করা হয়েছে, তারা ডিসির পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন।
ঠাকুরগাঁও, রংপুর, রাজবাড়ী ও পাবনা জেলায় নতুন ডিসিকে দায়িত্ব দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথিরিটির (বিপিপিএ) পরিচালক আফরোজা পারভীনকে রাজবাড়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও, একই মন্ত্রণালয়ের আরেক উপসচিব আমিনুল ইসলামকে পাবনায় ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব মোহাম্মদ রুহুল আমিনকে রংপুরের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
একইদিনে এ চার জেলার ডিসিদের প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
যাদের প্রত্যাহার করা হয়েছে তারা হলেন, পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফা, ঠাকুরগাঁওয়ের ইশরাত ফারজানা, রংপুরের মোহাম্মদ এনামুল আহসান ও রাজবাড়ীর সুলতানা আক্তার।
তাদের প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
গেল ২৯ মার্চ ১১ জেলায় নতুন ডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলাগুলো হলো- রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।
ঈদের আগে ১৫ মার্চ গাজীপুর, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও নেত্রকোনায় নতুন ডিসি নিয়োগ করেছিল সরকার।