muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

খিলগাঁওয়ে মা-ছেলের মরদেহ উদ্ধার

খিলগাঁওয়ে মা-ছেলের মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও তিলপা পাড়া এলাকা থেকে এক শিশু ও তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে পাঁচ বছরের ছেলের গলা কেটে নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই নারী।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। নিহতরা হচ্ছেন- নার্গিস (৩৫) ও তার ছেলে মাহিম। নার্গিসের স্বামী অটোরিক্সা চালান।

খিলগাঁও থানার এসআই রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার বিকেলে ওই বাসায় গিয়ে মা ও ছেলের মরদেহ পায় পুলিশ। শিশুটির গলায় কাটা জখম ছিল। আর নারীর গলায় ফাসের চিহ্ন রয়েছে।

এসআই রফিকুল বলেন, প্রাথমিকভাবে জানা গেছে স্বামীর সঙ্গে কলহের জেরে ওই নারী তার পাঁচ বছরের শিশু সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ঘটনা তদন্তে থানা পুলিশ খবর দিলে সিআইডির ক্রাইমসিন ইউনিট সেখানে গিয়ে আলামত সংগ্রহ করে। তাদের আলামত সংগ্রহের পর মরদেহ দুটি ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়।

Tags: