বিনোদন অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক সময়ের জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও স্পর্শিয়া। দীর্ঘ প্রায় নয় বছর পর ছোট পর্দায় তাদের একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নস্টালজিয়ার আবহ।
নাটকপ্রেমীদের কাছে একসময় এই জুটি ছিল বেশ পরিচিত ও জনপ্রিয়। সবশেষ তারা একসঙ্গে কাজ করেছিলেন ২০১৬ সালে। এরপর ধীরে ধীরে ছোট পর্দা থেকে দূরে সরে গিয়ে স্পর্শিয়া সিনেমা ও ওয়েব কনটেন্টে মনোযোগ দেন। তবে ২০২৪ সালে তিনি আবার নাটকে ফেরেন, যদিও এখনও বেছে বেছে কাজ করার ধারা বজায় রেখেছেন।
অন্যদিকে, ২০২৫ সালের শেষের দিকে জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট-এ এসে চমক দেন এই দুই তারকা। ৯ বছর পর আবারও তৌসিফ-স্পর্শিয়াকে একসঙ্গে পর্দায় দেখে ভক্তদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস ও কৌতূহল তারা কি আবারও নিয়মিত জুটি হতে যাচ্ছেন?
বিশেষ করে ব্যাচেলর পয়েন্ট চ্যাপ্টার টেন -এ তাদের খুনসুটি দর্শকদের নজর কেড়েছে। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তাদের ঘনিষ্ঠতা চোখে পড়ছে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করা, একে অপরের পোস্টে মজার মন্তব্য করা সব মিলিয়ে জল্পনা আরও বাড়ছে।
সম্প্রতি নির্মাতা কাজল আরেফিন অমি তার ফেসবুক পেজে তাদের একটি মিষ্টি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘বসন্ত এসে গেছে’ যা ভক্তদের মাঝে নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছে।
জানা গেছে, তৌসিফ মাহবুব ও স্পর্শিয়া বর্তমানে অমির প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মস-এর সঙ্গে এক্সক্লুসিভ কন্ট্রাক্টে রয়েছেন।