ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও সম্মেলনে উপস্থিত ছিলেন। বিষয়টি ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের একটি দায়্ত্বিশীল সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানিয়েছে, যদি ঢাকা সিটি দক্ষিণের নির্বাচন ডাকসু মেয়াদের মধ্যে হয় সেক্ষেত্রে সাদিক কায়েমকে প্রার্থী করা হবে না। কিন্তু সিটি নির্বাচন যদি ডাকসু মেয়াদের পর হয় তখন সাদিক কায়েমই হবেন মেয়রপ্রার্থী। এভাবেই দলীয়ভাবে বিষয়টি সিদ্ধান্ত হয়েছে।
এদিকে নির্ভরযোগ্য সূত্র বলছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি হিসেবে সাদিক কায়েম ইতোমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করে ভোটার হয়েছেন। যদিও এখনো প্রকাশ্যে বড় কোনো নির্বাচনি প্রচারণা শুরু করেননি, তবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের জন্যই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।