muktijoddhar kantho logo l o a d i n g

বিনোদন

মুক্তির ১ দিনেই ১ কোটি ভিউ অতিক্রম করলো ‘এটা আমাদেরই গল্প’ নাটকের শেষ পর্ব

মুক্তির ১ দিনেই ১ কোটি ভিউ অতিক্রম করলো ‘এটা আমাদেরই গল্প’ নাটকের শেষ পর্ব

প্রচার শুরুর পর থেকেই নির্মাতা মোস্তফা কামাল রাজ-এর নাটক ‘এটা আমাদেরই গল্প’ দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছে। পারিবারিক গল্পভিত্তিক এই নাটকের প্রতিটি পর্বই আগ্রহ নিয়ে দেখেছেন দর্শকেরা। বিশেষ করে ৫০তম পর্বটি নতুন করে আলোচনায় এসেছে। মুক্তির মাত্র ১৮.৩৪ ঘণ্টার মধ্যেই নাটকটি ১ কোটি ভিউ অতিক্রম করেছে বলে নির্মাতা নিজেই একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন।

একদিন পার হতেই নাটকটি পার করেছে ১১ মিলিয়ন ভিউ। খুব অল্প সময়ের মধ্যেই নাটকটির এমন বিপুল ভিউ পাওয়ায় প্রশংসায় ভাসছেন অভিনয়শিল্পী ও নির্মাতা মোস্তফা কামাল রাজ।

এ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন আরেক নির্মাতা শিহাব শাহীন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘ওয়াও! এটা দুর্দান্ত। বাংলা নাটক ইন্ডাস্ট্রির জন্য দারুণ খবর। শাবাশ! মোস্তফা কামাল রাজ!’

পোস্টে তিনি নাটকের অভিনয়শিল্পীদেরও ট্যাগ করে অভিনন্দন জানান। মন্তব্যের ঘরে এমন উৎসাহ ও প্রেরণার জন্য শিহাব শাহীনকে ধন্যবাদ জানিয়েছেন নির্মাতা রাজের পাশাপাশি অভিনয়শিল্পী খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ এবং দীপা খন্দকারসহ আরও অনেকে।

গত বছরের ৫ নভেম্বর থেকে একযোগে চ্যানেল আই ও ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’তে প্রচারিত হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’। এতে ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ্ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরীসহ অনেকে অভিনয় করেছেন।

এর আগে নির্মাতা মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকটি ৫২তম পর্বেই শেষ হবে।

Tags: