muktijoddhar kantho logo l o a d i n g

বিনোদন

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্ক, মৌসুমী-সানীর অভিযোগে বিপাকে হাসান জাহাঙ্গীর

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্ক, মৌসুমী-সানীর অভিযোগে বিপাকে হাসান জাহাঙ্গীর

বছর দুই আগে সামাজিকমাধ্যমে হঠাৎ করে ছড়িয়ে পড়েছিল নির্মাতা-অভিনেতা হাসান জাহাঙ্গীর ও জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর বিয়ের খবর। বিষয়টি নিয়ে তুমুল আলোচনা তৈরি হলে তখন দুজনই স্পষ্ট করে জানান—এটি বাস্তব নয়, বরং তাদের অভিনীত একটি প্রজেক্ট ঘিরেই এই গুঞ্জন ছড়িয়েছে।

সেই প্রজেক্টটির নাম ছিল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। শুরুতে এটি এক ঘণ্টার নাটক হিসেবে নির্মিত হলেও শেষ পর্যন্ত সিনেমা হিসেবেই দর্শকের সামনে আসছে। আগামী ১৫ মে দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’।

এমন খবর প্রকাশ্যে আসতেই মৌসুমী জানিয়েছেন, তার সঙ্গে প্রতারণা হয়েছে। এ নিয়ে মৌসুমীর স্বামী জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী একটি ভিডিও প্রকাশ করেছেন তার সামাজিকমাধ্যমে। সেখানে মৌসুমী কাজটির নেপথ্যের গল্প তুলে ধরেন।

অডিও বার্তায় মৌসুমী বলেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মূলত এক ঘণ্টার একটি ছোট নাটক ছিল। আমেরিকা যাওয়ার পর একটি মেয়ের সংগ্রামের গল্পে এটি নির্মিত হয়। হাসান জাহাঙ্গীরের অনুরোধে তিনি কাজটি করেন এবং শুটিং তিন দিন পর্যন্ত চলে যায়।

তিনি আরও জানান, পরে বলা হয় ফুটেজ বেশি হয়েছে, তাই টেলিফিল্ম হিসেবে মুক্তি দেওয়া হবে। তিনি তাতেও সম্মতি দেন এবং আরও একদিন শুটিং করেন। তবে পরে জানতে পারেন, সেটি সিনেমা হিসেবে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে এবং প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

মৌসুমী জানন, তিনি বিষয়টি দেখে বিস্মিত হয়েছেন এবং সেন্সর বোর্ড ও নির্মাতার সিদ্ধান্তে কষ্ট পেয়েছেন। পারিশ্রমিক নিয়েও অনিয়মের অভিযোগ করেন তিনি।

এদিকে ওমর সানী জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ করেছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন। তিনি হাসান জাহাঙ্গীরের এ ধরনের কাজকে অপেশাদার বলে মন্তব্য করেন।

অন্যদিকে এ বিষয়ে জানতে হাসান জাহাঙ্গীরের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা হিসেবে মুক্তি দেবো এটা মৌসুমীকে অনেক আগেই জানিয়েছি, কয়েক মাস আগে সিনেমার পোস্টার পাঠিয়েছি।মৌসুমী সিনেমা রিলিজের তারিখও জানতে চাচ্ছিল। যখন সবকিছু গুছিয়ে এনে মুক্তির তারিখ নির্ধারণ হলো; ‍ওমর সানি আমার কাছে টাকা দাবি করেন। এখন গণমাধ্যমে নানান কথা ছাড়াচ্ছেন। আমার সাথে কথা না বলে, যাচাইবাছাই ছাড়াই অনেক গণমাধ্যম নিউজ করছে, আর বলছে আমাকে ফোনে পাওয়া যাচ্ছে না।”

উল্লেখ্য, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল এই প্রজেক্টের শুটিং। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন হাসান জাহাঙ্গীর নিজেই। গত মার্চে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

Tags: