muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর

পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর

পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন তিনি।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে বলেছে, বৈঠকে পিরোজপুর জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়িত এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সমস্যা ও করণীয় পর্যালোচনা করা হয়। একই সঙ্গে প্রকল্পগুলোর পূর্ববর্তী অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরা হয়।

আলোচনায় উঠে আসে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এসব প্রকল্প বাস্তবায়নে নানা ধরনের ‘অনিয়ম ও দুর্নীতির’ ঘটনা ঘটেছিল। কয়েকটি প্রকল্পে তৎকালীন স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ‘দুর্নীতির’ সঙ্গে জড়িত ছিলেন।

বৈঠকে পিরোজপুরের সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সড়ক মেরামত করতে উদ্যোগ নেওয়ার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বিশেষ করে যেসব সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত এবং বেহাল অবস্থায় রয়েছে, সেগুলোকে দ্রুত সংস্কার ও মেরামতের আওতায় আনতে হবে।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: