এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের আগে তিন ব্যাংক থেকে ৮ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার ও মঙ্গলবার-দুইদিনে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই ডলার কেনা হয়েছে।
গণমাধ্যমকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য দিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের এই নির্বাহী পরিচালক বলেন, ডলার কেনার পর মঙ্গলবার দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের গ্রস হিসাবে ৩৫ দশমিক ৩০ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ ৩০ দশমিক ৬১ বিলিয়ন ডলার।
আগামী সপ্তাহে মার্চ-এপ্রিল মাসের আকুর বিল পরিশোধ করতে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশের সবশেষ গেল মার্চে আকুর বিল ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক।
জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশনের উদ্যোগে ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় আকু।
আকুর সদস্য দেশগুলো নিজেদের মধ্যে যে আমদানি-রপ্তানি করে, তার দায় ২ মাস পর পর সমন্বয় করে। প্রতি দুই মাস অন্তর গড়ে সোয়া এক বিলিয়ন ডলারের মত দায় শোধ করে আসছে বাংলাদেশ ব্যাংক।
আকুর বিল পরিশোধের আগে মঙ্গলবার ৫ কোটি ও আগের দিন সোমবার ৩ কোটি ডলার কেনার তথ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, চলতি অর্থবছরের এ পর্যন্ত মোট ৫৭৫ কোটি ডলার বা ৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার কেনা হয়েছে। এর মধ্যে চলতি মে মাসে কিনল ৮ কোটি ডলার।
ডলার কেনার আগে রোববার দিন শেষে আইএমএফ এর বিপিএম-৬ পদ্ধতি হিসাবে বাংলাদেশের রিজার্ভ ছিল ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার। গ্রস বা মোট হিসাবে তা ৩৫ দশমিক ২০ বিলিয়ন ডলার।
গত ২ মার্চ প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে কেনার পর গত ১৫ এপ্রিল ৪৫ পয়সা বাড়িয়ে ১২২ টাকা ৭৫ পয়সা দরে ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। সে দিন এই দরে ৭ কোটি ডলার কেনা হয়। পর দিন কেনা হয় আরও ৫ কোটি ডলার। এরপর গেল দুই দিনে আরও ৮ কোটি ডলার কেনা হল।
অন্যদিকে আন্তঃব্যাংক লেনদেনে ডলার কেনাবেচাও হয় সর্বোচ্চ ১২২ টাকা ৭৫ পয়সা দরে।