কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকার একটি হত্যা মামলায় কালাম (৪৩) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে ১৬ বছর পর ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে র্যাব-৩ এর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কালাম (৪৩) পাকুন্দিয়া উপজেলার চর লক্ষ্মীয়া গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে।
জানা গেছে, ২০০১ সালে একই গ্রামের সোহেল মিয়ার সঙ্গে ব্যক্তিগত বিরোধের জেরে কালাম তাকে ছুরিকাঘাতে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা জসিম উদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত ২০১০ সালে কালামকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার আগে থেকেই পলাতক ছিলেন তিনি।
পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, গ্রেফতারের পর তাকে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।