কুমিল্লা নগরে আধুনিক ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে কুমিল্লা ওয়াসা গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (১৩ মে) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।
সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, কুমিল্লা নগরীর ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়ণের প্রেক্ষাপটে সুপেয় পানি সরবরাহ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি নগর ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয় সভায়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "কুমিল্লা শহরের নাগরিকদের জন্য একটি কার্যকর ও আধুনিক পানি ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে ওয়াসা গঠন সময়োপযোগী উদ্যোগ।"
তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশনা দেন। একইসঙ্গে নগরবাসীর নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে পরিকল্পিত ও টেকসই উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন।
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
নগর এলাকায় নিরাপদ ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা, পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থাপনা, পানি শোধন এবং সরবরাহ নেটওয়ার্ক উন্নয়নের দায়িত্ব পালন করে ওয়াসা।
বর্তমানে দেশের পাঁচ প্রধান নগর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে ওয়াসার কার্যক্রম রয়েছে।