muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের এমওইউ সই

জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের এমওইউ সই

জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট সমঝোতা স্মারকে সই করেন।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করতে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমওইউ’র আওতায় দুই দেশ তেল, গ্যাস, ভূতাপীয় শক্তি ও জৈবশক্তি খাতে সহযোগিতা বাড়াবে। পাশাপাশি জ্ঞান ও প্রযুক্তি বিনিময়, গবেষণা কার্যক্রম এবং সক্ষমতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া যুক্তরাষ্ট্র থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানির ক্ষেত্রেও এই চুক্তি সহায়ক হবে বলে জানিয়েছে দূতাবাস।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ সমঝোতা স্মারককে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের একটি নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি এ উদ্যোগে সমর্থনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ধন্যবাদ জানান।

যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটও এ চুক্তিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে অভিহিত করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Tags: