muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

চ্যাটিং অ্যাপে পরিচয়, প্রেমের টানে চীনা পুলিশ ইটনায়

চ্যাটিং অ্যাপে পরিচয়, প্রেমের টানে চীনা পুলিশ ইটনায়

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, সেখান থেকে প্রেম। আর সেই প্রেমের টানেই সুদূর চীন থেকে বাংলাদেশের হাওরাঞ্চলে ছুটে এসেছেন এক চীনা যুবক।

শনিবার (১৬ মে) রাতে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের কিষ্টপুর গ্রামের মড়ল পাড়ায়।

জানা গেছে, চীনা নাগরিক গাও ওয়েইয়ান চীনের হেনান প্রদেশের শিনশিয়াং শহরের মুয়ে জেলার বাসিন্দা। তিনি গাও ঝানশিনের ছেলে। গাও ওয়েইয়ানের দাবি, তিনি সেখানে সহকারী পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। প্রায় দুই বছরের বেশি সময় আগে একটি চ্যাটিং অ্যাপের মাধ্যমে ইটনার চৌগাংগা ইউনিয়নের বাসিন্দা ঝুমা আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। পরে ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নিয়ে মেয়ের দেওয়া ঠিকানায় বাংলাদেশে আসেন গাও ওয়েইয়ান।

ঝুমা আক্তার (১৮) মো. নজরুল ইসলাম ও পাখি আক্তার দম্পতির মেয়ে। তিনি চৌগাংগা পুরান বাজার কামিল মাদ্রাসায় কামিল প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে এলাকায় বিষয়টি জানাজানি হলে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করেন। তবে পুরো পরিস্থিতি বেশ আনন্দের সঙ্গেই উপভোগ করতে দেখা যায় চীনা যুবককে। এ সময় স্থানীয় অনেকেই তার সঙ্গে ছবি তোলেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এ বিষয়ে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন, ‘বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেছে। আইনিভাবে যেভাবে সহায়তা প্রয়োজন হবে, প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে।’

Tags: