আশরাফ সাধারণ সম্পাদক থাকছেন : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে থাকছেন। তিনি বলেন, এর কোনো পরিবর্তন হচ্ছে না। আশরাফের প্রশংসা করে মুহিত বলেন,
তিনি দলে খুবই জনপ্রিয়। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এটি তাঁর বড় গুণ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অ্যাসোসিয়েশন অব এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ এর সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠকের পর সৈয়দ আশরাফকে নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
সাংবাদিকরা প্রশ্ন করেন আশরাফ উপপ্রধানমন্ত্রী হচ্ছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, আমি জানি না। তিনি দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এটা পরিবর্তন হচ্ছে না। এটা গুরুত্বপূর্ণ। সৈয়দ আশরাফের বাসায় অর্থমন্ত্রীর যাওয়ার ব্যাপারে জানতে চান সাংবাদিকরা। এ সময় তিনি বলেন, আশরাফের বাসা তাঁর বাসার পাশেই। প্রায়ই তিনি সেখানে যান। সেদিন বাসায় যাওয়ার সময় সৈয়দ আশরাফ ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে এসে তিনি অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সম্প্রতি একনেকের বৈঠকে ছয় হাজার কোটি টাকার যে প্রকল্প পাস হয়েছে সেখানে দেওয়া বক্তব্য সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, তিনি এত বড় প্রকল্পে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর উপস্থিত না থাকার বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। পরিস্থিতি অনুসারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।