muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

গ্রিন কার্ডের আবেদন করতে যুক্তরাষ্ট্র ছেড়ে ফিরতে হবে দেশে

গ্রিন কার্ডের আবেদন করতে যুক্তরাষ্ট্র ছেড়ে ফিরতে হবে দেশে

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসন নীতিতে যে বড় পরিবর্তন এনেছে তাতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা ‘গ্রিন কার্ড’ চাওয়া ব্যক্তিদের বেশিরভাগকেই এখন যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে আবেদন করতে হবে।

শুক্রবার (২২ মে) মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ ইউএসসিআইএস এক ঘোষণায় এ পরিবর্তনের কথা জানায়।

এতদিন যুক্তরাষ্ট্রে স্বল্প সময় থাকার অনুমতিপ্রাপ্তরা দেশটিতে থেকেই ‘গ্রিন কার্ডের’ জন্য আবেদন করতে পারতেন; নতুন নিয়মে ‘বিশেষ ক্ষেত্রে’ ছাড় পাওয়া ব্যক্তিদের জন্য এ সুবিধা রাখা হয়েছে। তবে বেশিরভাগকেই নিজ দেশে ফিরে গিয়ে দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে ‘গ্রিন কার্ডের’ আবেদন করতে হবে, বলছে বিবিসি।

কেউ এই কার্ড পাবেন কি পাবেন না তার চূড়ান্ত সিদ্ধান্ত হতে কখনও কখনও কয়েক বছরও লেগে যায়। এ আবেদনকারীদের অনেকের পরিবারের সদস্যই হয় মার্কিন নাগরিক, নয়তো গ্রিন কার্ডধারী। এতদিন আবেদনকারীরা তাদের আবেদন নিষ্পত্তির দীর্ঘ সময় পরিবারের সদস্যদের সঙ্গেই যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পেতেন, নতুন নিয়মে তা থাকছে না।

তাই ‘বিশেষ পরিস্থিতি’ বাদে শিক্ষার্থী, পর্যটক ও স্বল্পকালীন কর্মী ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা ব্যক্তিদের এখন গ্রিন কার্ডের আবেদন করতে হবে নিজ দেশে ফিরে গিয়ে, সাধারণ কনসুলার নিয়মে।

এর মাধ্যমে আবেদন প্রত্যাখ্যাত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার পরিমাণ যেমন কমানো যাবে, তেমনি আলাদা আলাদা দূতাবাসে হওয়ায় আবেদনকারীকে আরও ভালোভাবে যাচাইয়ের সুযোগ মিলবে, বলছে ইউএসসিআইএস।

“আমাদের দেশের অভিবাসন প্রক্রিয়াকে ফাঁকি দেওয়ার যুগ শেষ,” এক্সে দেওয়া পোস্টে বলেছে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়।

তবে সমালোচকরা বলছেন, এ প্রক্রিয়ায় গ্রিন কার্ড পাওয়া কঠিন হয়ে পড়বে এবং বৈধভাবে অভিবাসী হওয়ার সংখ্যাও কমে আসবে।

যুক্তরাষ্ট্রে এখনই ১০ লাখের বেশি বৈধ অভিবাসী গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছে। তাদের আবেদনগুলোও নতুন নিয়মের আওতায় পড়বে কিনা, কিংবা তাদেরকে অন্য কিছু করতে হবে কিনা তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি।

ইউএসসিআইএস কর্মকর্তারা বলছেন, যে আবেদনকারীরা যুক্তরাষ্ট্রের জন্য আর্থিক বা দেশের স্বার্থে লাভজনক বলে বিবেচিত হবেন তারা এখনকার মতোই যুক্তরাষ্ট্রে থেকে গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন। বাকিদের মানতে হবে নতুন নিয়ম।

Tags: