বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে লিওনেল মেসিকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা শিবির। সোমবার এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় আর্জেন্টাইন অধিনায়কের বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তি ধরা পড়েছে।
রোববার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে গোলবন্যার ম্যাচে চোটের ইঙ্গিত দেন মেসি। ৬-৪ ব্যবধানে জেতা সেই ম্যাচের ৭৩তম মিনিটে হঠাৎ বাম পায়ের পেছনের অংশে অস্বস্তি অনুভব করে বদলির অনুরোধ জানান তিনি। তবে মাঠ ছাড়ার সময় তাকে স্বাভাবিকভাবেই হাঁটতে দেখা গেছে, যা কিছুটা স্বস্তি দিচ্ছে সমর্থকদের।
সোমবার এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানায়, ‘অতিরিক্ত মেডিকেল পরীক্ষার পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাম হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তিজনিত অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।’
তবে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি ক্লাবটি। বিবৃতিতে বলা হয়েছে, ‘তার শারীরিক অবস্থার উন্নতির ওপরই মাঠে ফেরার সময় নির্ভর করবে।’
এই অনিশ্চয়তা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে আর্জেন্টিনা শিবিরে। কারণ আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে নিজেদের শিরোপা রক্ষার মিশনে নামবে দলটি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন, কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে।
ইন্টার মায়ামিতে ২০২৩ সালে যোগ দেওয়ার পর থেকেই নিজের ফিটনেস ও শারীরিক চাপ সামলে খেলছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ব্যস্ত সূচির সময়ে বেশ কয়েকটি ম্যাচে বিশ্রাম দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বর্তমানে বিশ্বকাপ উপলক্ষে বিরতিতে রয়েছে মেজর লিগ সকার (এমএলএস)।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে তৃতীয় শিরোপা জেতানো মেসির নেতৃত্বেই এবারও দল মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে। আসন্ন আসরটি হতে পারে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ, যা হবে নতুন এক রেকর্ডের ছোঁয়া।
আগামী সপ্তাহে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা করা হবে। এর আগে প্রস্তুতি পর্বে ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দক্ষিণ আমেরিকার বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।