muktijoddhar kantho logo l o a d i n g

অর্থনীতি

নতুন বাজেটে বাড়ছে না বিড়ি-সিগারেটের দাম

নতুন বাজেটে বাড়ছে না বিড়ি-সিগারেটের দাম

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বিড়ি ও সিগারেটের দাম বাড়ানো হচ্ছে না। একই সঙ্গে এই খাতে প্রযোজ্য বিদ্যমান করহারও অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে নতুন অর্থবছরেও ধূমপায়ীদের এই তামাকজাত পণ্য কিনতে অতিরিক্ত অর্থ গুনতে হবে না।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।

সংসদ অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার তামাকের ওপর কর বৃদ্ধি সংক্রান্ত প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী বলেন, সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও সংশ্লিষ্ট খাতের অবস্থা বিবেচনায় নিয়ে সরকার বিড়ি ও সিগারেটের মূল্য এবং কর কাঠামোতে কোনো পরিবর্তন না আনার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে সংসদ সদস্য রাশেদা বেগম হীরা জনস্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধি এবং খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব দেন। তিনি জানতে চান, বিদ্যমান ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে বিড়ি ও সিগারেটের ওপর অতিরিক্ত সম্পূরক শুল্ক ও নতুন কর আরোপ করা হবে কি না।

জবাবে অর্থমন্ত্রী স্পষ্ট করেন, আগামী অর্থবছরের বাজেটে বিড়ি ও সিগারেটের বর্তমান মূল্যস্তর, ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জের হার আগের মতোই বহাল থাকবে। ফলে নতুন বাজেটে এসব তামাকজাত পণ্যের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই।

Tags: