muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

মিঠামইনে পর্যটকবাহী ট্রলারে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

মিঠামইনে পর্যটকবাহী ট্রলারে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে পর্যটকবাহী ট্রলারে ডাকাতির ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

এর আগে, সোমবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও মিঠামইন থানা-পুলিশের যৌথ অভিযানে ঢাকার সাভার, কামরাঙ্গীরচর এবং মিঠামইন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মিঠামইন উপজেলার কাটখাল কাজীপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. জুলহাস উদ্দিন, বজকপুর গ্রামের মো. হারেছ মিয়ার ছেলে এহসানুল হক এবং বড়কান্দা মধুপুর গ্রামের মধু মিয়ার ছেলে রুবেল মিয়া।

পুলিশ সুপার জানান, গত ৭ জুন মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজের দক্ষিণ পাশে করিমগঞ্জগামী একটি পর্যটকবাহী ট্রলারে ১০ থেকে ১২ সদস্যের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ডাকাতি চালায়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, পাঁচটি মোবাইল ফোন, একটি রামদা, একটি লোহার রড এবং ২০টি বল্লম উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

Tags: