বেসামরিক নাগরিকদের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং রোহিঙ্গাদের নিজেদের দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপ ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে সংস্থার অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মানবিক সহায়তা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন জানিয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জবাবদিহিতা, সংঘাত প্রতিরোধে বৃহত্তর বিনিয়োগ এবং মানবিক, শান্তি ও উন্নয়ন সহযোগীদের মধ্যে আরও শক্তিশালী সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
শান্তি বিনির্মাণ ও মানবিক কার্যক্রমে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে শামা ওবায়েদ নারী ও মেয়েদের লক্ষ্য করে ক্রমবর্ধমান ডিজিটাল হয়রানি, অপপ্রচার ও সাইবার অপব্যবহারের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
প্রযুক্তিভিত্তিক সহিংসতা মোকাবিলায় বৈশ্বিক প্লাটফর্ম তৈরির জন্য আহ্বান জানান তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য তহবিল কমে যাওয়া নিয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, রোহিঙ্গাদের তাদের নিজেদের দেশ মিয়ানমারে ফেরত পাঠানোই এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান।