muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর

শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর

বর্হিবিশ্বের কাছে বাংলাদেশকে পরিচিত করতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘শক্তিশালী’ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শনিবার বিকালে আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশকে একটা ‘স্ট্রং’ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে, বাংলাদেশকে একটা ‘ফেমাস কান্ট্রি’ হিসেবে গড়ে তুলতে হবে।

“এটা করতে হবে কাদেরকে? তোমাদেরকে (ক্ষুদে খেলোয়াড়দের) করতে হবে। কেন? কারণ এটা তোমাদের ভবিষ্যৎ, কারণ এটা তোমাদের বাংলাদেশ। আমরা কি বলি? করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তরুণদের পরামর্শ দিয়ে তারেক রহমান বলেন, “খেলা ছেড়ে দিলে হবে না…সব সময় খেলতে হবে, কালকে বিকালে কিন্তু মাঠে মাঠে খেলতে হবে। ফুটবল খেলতে হবে, সাঁতার কাটতে হবে…যার যেটা খেলা ভালো লাগে, সেটা খেলতে হবে। যে গান করতে চায়, যে মিউজিক বাজাতে চায়, যে রং করতে চায়, যে ছবি আঁকতে চায়, যে কেরাত প্রতিযোগিতা করতে চায়, সবার ব্যবস্থা আমরা করব।

“কাজেই তোমাদের কোনো ভয় নাই। তোমারদের কনফিডেন্ট বাচ্চা হিসেবে, কনফিডেন্ট মানুষ হিসেবে তোমাদেরকে বেড়ে উঠতে হবে।”

একই সঙ্গে নতুন প্রজন্মকে দক্ষ মানুষ হিসেবে তৈরি হওয়ার ওপর জোর দিয়ে সরকারপ্রধান ছোটবেলায় নিজের ম্যাকানো খেলার গল্প বলেন।

বেলা ২টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে জাতীয় পর্যায়ে বালক ও বালিকা বিভাগরে চূড়ান্ত খেলা হয়।

Tags: