muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

বিশ্বকাপ হারার পর আর্জেন্টিনার রাজধানীতে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

বিশ্বকাপ হারার পর আর্জেন্টিনার রাজধানীতে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে বিক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন কয়েকজন সমর্থক ও পুলিশ সদস্য।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবায়ে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় গতকাল রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ফাইনাল অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানে ফেরান তোরেসের করা একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন।

ম্যাচটি দেখতে বুয়েনস এইরেসের বিভিন্ন সড়কে হাজারো সমর্থক জড়ো হয়েছিলেন। তবে শেষ বাঁশি বাজার পর অনেক সমর্থকের ক্ষোভ সহিংসতায় রূপ নেয়।

স্থানীয় সময় রোববার রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ৬৭ দশমিক ৫ মিটার উঁচু জাতীয় স্মৃতিস্তম্ভ ওবেলিস্ক ঘিরে উত্তেজনা শুরু হয়।

কয়েকজন সমর্থক নিরাপত্তাবেষ্টনী টপকে স্মৃতিস্তম্ভে ওঠার চেষ্টা করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এরপর বিক্ষুব্ধ সমর্থকদের একটি অংশ পুলিশের দিকে কাচের বোতল ও বিভিন্ন বস্তু ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, জলকামান ও রাবার বুলেট ব্যবহার করে।

প্রায় ২০ মিনিট ধরে চলা সংঘর্ষে সাতজন পুলিশ সদস্য আহত হন। আহত হয়েছেন কয়েকজন সমর্থকও।

আহতদের মধ্যে একজন উচ্ছৃঙ্খল সমর্থকের লাথিতে মুখে গুরুতর আঘাত পান। এ ছাড়া এক নারীও আহত হয়েছেন।

ইনফোবায়ের তথ্য অনুযায়ী, সংঘর্ষের ঘটনায় পুলিশ অন্তত ১৫ জনকে আটক করেছে।

Tags: