muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

ভুলের দায় মেনে ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ

ভুলের দায় মেনে ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট ও বিভিন্ন পরিচালনাগত ত্রুটির কারণে ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে ভারতের বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম ‘মানিকন্ট্রোল’প্রতিবেদনে লিখেছে, মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে মেটা নির্বাহীদের এক বৈঠকে জাকারবার্গের এই ক্ষমা চাওয়ার বার্তা পৌঁছে দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, প্ল্যাটফর্মে বেআইনি শিশু যৌন নিপীড়নমূলক ও বিভ্রান্তিকর ডিপফেইক কনটেন্ট এবং মেটার প্রশাসনিক ও প্রযুক্তিগত বিভিন্ন ত্রুটির কথা উল্লেখ করে জাকারবার্গ দুঃখ প্রকাশ করেছেন।

ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে মেটা কর্মকর্তাদের বৈঠকের বরাতে এনডিটিভি বলছে, ওই বৈঠকে মেটা কর্মকর্তারা স্বীকার করেছেন, ‘বিশেষ কিছু ধরনের কনটেন্ট বুস্ট’করার জন্য বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে।

এনডিটিভি লিখেছে, মেটা নিজেদের ভুল স্বীকার করে বলেছে, প্ল্যাটফর্মে অনেক বেআইনি কনটেন্ট প্রচার বা প্রমোট করা হয়েছিল।

সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মেটা কর্মকর্তাদের পরে আবার তলব করা হবে। এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ফেইসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা।

এর আগে, জুলাইয়ে ইনস্টাগ্রামে শিশু যৌন নিপীড়নমূলক বিজ্ঞাপনের উপস্থিতি নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

ওই সময় বিবিসি দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে লিখেছিল, মেটাকে এমন সব বিজ্ঞাপন ও কনটেন্ট অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

একইসঙ্গে, কঠোর বার্তা দিয়ে কীভাবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কনটেন্ট ও বিজ্ঞাপন প্ল্যাটফর্মে স্থান পেল তার যথাযথ ব্যাখ্যা সাত দিনের মধ্যে জমা দেওয়ার জন্য মেটাকে আলটিমেটাম দিয়েছিল ভারত সরকার।

ওই সময় মেটা বলেছিল, শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্টের ক্ষেত্রে তাদের ‘জিরো টলারেন্স’ অবস্থান রয়েছে। পাশাপাশি তাদের নিজস্ব শনাক্তকরণ ব্যবস্থা আরও শক্তিশালী করার কাজ অব্যাহত রয়েছে বলেও দাবি করেছিল মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি।

গেল মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্ট ফেইসবুক সাময়িকভাবে মুছে ফেলার পর মেটার কর্মকর্তাদের তলব করে দেশটির তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়।

ঘটনাটিকে পরিচালনাগত ভুলের কারণে অনিচ্ছাকৃত ঘটনা বলে দাবি করে ক্ষমা চেয়েছিল মেটা।

এ ছাড়া, ভারতের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার তথ্য অনুসারে, ফেইসবুকে প্রকাশিত কিছু ভিডিওতে নরেন্দ্র মোদীকে ‘অপমানজনকভাবে’ উপস্থাপন করার অভিযোগে ‘মেটা ইন্ডিয়া’র প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে মামলা দায়ের করে হায়দ্রাবাদ পুলিশ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নিজেদের আইনকানুন কঠোর করেছে ভারত সরকার।

এতে করে ব্যবহারকারীদের পোস্ট করা কনটেন্টের আইনি সুরক্ষা বলয় সীমিত হয়ে এসেছে এবং প্ল্যাটফর্ম পরিচালনাকারী নির্বাহীদের আইনি দায়বদ্ধতা বহুগুণ বেড়েছে।

ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া ভারতের নতুন নিয়ম অনুসারে, আদালত বা সরকারের চিহ্নিত করা কোনো বেআইনি কনটেন্ট প্ল্যাটফর্ম থেকে সরানোর সময়সীমা ৩৬ ঘণ্টা থেকে কমিয়ে কেবল ৩ ঘণ্টা হয়েছে। নির্দিষ্ট সময়ে ব্যর্থ হলে বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্ম তাদের আইনি সুরক্ষার অধিকার হারাতে পারে।

Tags: