ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে আগুনের খবর পেয়ে গুলশানের সেই বাসভবনে যায় ফায়ার সার্ভিস; এরপর ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর হাই কমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাঈমা হায়দার গুলশানের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, আগুনের খবরে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটো ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। হতাহতের কোনো খবর নেই।
আগুনের সূত্রপাত নিয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, “সেখানে একটি টিভি পোড়া অবস্থায় পাওয়া যায়। সম্ভবত টিভি বা অন্য কোনো বৈদ্যুতিক ডিভাইস থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।”
ফায়ার সার্ভিস ভোরে আগুন লাগার কথা বললেও পাকিস্তান হাই কমিশনের মুখপাত্র সাবিদ উল্লাহ ওয়াজির বলছেন, আগুন লাগে আরও আগে।
তিনি বলেন, রাত ৩টার দিকে হাই কমিশনারের বাসভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস ডাকা হলে তারা আগুন নেভায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাই কমিশনার ও তার স্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল।