প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে আসছেন তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) তিনি জেলার পাকুন্দিয়া, কটিয়াদী ও জেলা শহরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে পাকুন্দিয়ার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। সকাল ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করবেন প্রধানমন্ত্রী।
দুপুর ১২টায় পাকুন্দিয়া থেকে কটিয়াদীর উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। সাড়ে ১২টায় তিনি কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর দুপুর ১২টা ৫৫ মিনিটে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে যাবেন। সেখানে বেলা ১টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
দুপুর পৌনে ২টায় কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা ২টায় সেখানে সরকারের নেওয়া কয়েকটি উন্নয়নকাজের উদ্বোধন করবেন তিনি। একই অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন।
বিকেল ৩টায় কিশোরগঞ্জ সার্কিট হাউসে যাবেন তারেক রহমান। সেখানে ১৫ মিনিট অবস্থানের পর বিকেল ৪টায় কিশোরগঞ্জ পুরোনো স্টেডিয়ামে যাবেন তিনি। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
এর আগে গত ২২ জানুয়ারি কিশোরগঞ্জের ভৈরবে নির্বাচনী জনসভায় এসেছিলেন তারেক রহমান। ওই জনসভায় তিনি কিশোরগঞ্জের ছয়টি আসনে বিএনপির ছয় প্রার্থীকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
১৯৯৮ সালে প্রথমবার কিশোরগঞ্জে এসেছিলেন তারেক রহমান। সে সময় বিএনপি নেতা ও বর্তমানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমকে সঙ্গে নিয়ে ভৈরব ও কুলিয়ারচরে ২৩টি পথসভা ও জনসভায় অংশ নেন তিনি।
তবে জেলা শহর কিশোরগঞ্জে এবারই প্রথম কোনো অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে আসছেন তারেক রহমান।
সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়বেন প্রধানমন্ত্রী। রাত ৮টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।