muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

দিল্লি হাইকোর্টসহ কয়েকটি স্থানে বোমা হামলার হুমকি

দিল্লি হাইকোর্টসহ কয়েকটি স্থানে বোমা হামলার হুমকি

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের এক দিন আগে শুক্রবার (১৪ আগস্ট) ইমেইলের মাধ্যমে দিল্লি হাইকোর্টে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে দিল্লির আরও পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে ফোন ও বার্তার মাধ্যমে একই ধরনের হুমকি পাওয়ার কথা জানিয়েছে দিল্লি ফায়ার সার্ভিস। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

হুমকির পর দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রি জেনারেল দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন। আদালত চত্বরে বোমা নিষ্ক্রিয়কারী দল ও প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

এএনআইকে দিল্লি হাইকোর্টের যুগ্ম সচিব অ্যাডভোকেট কুণাল বলেন, হুমকিটি প্রাথমিকভাবে ভুয়া বলে মনে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আদালত প্রাঙ্গণে তল্লাশি চলছে এবং এই মুহূর্তে কোনো ধরনের হুমকি পাওয়া যায়নি।

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, হাইকোর্ট ছাড়াও যেসব স্থানে বোমা হামলার হুমকি পাওয়া গেছে সেগুলো হলো- জামনগর হাউস, ঝাণ্ডেওয়ালান ফ্ল্যাটেড ফ্যাক্টরি কমপ্লেক্স, এমবি সাকেত অফিস/ডিএম অফিস, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরের টার্মিনাল-৩ এবং দিল্লি ক্যান্টনমেন্টের এসডিএম অফিস।

হুমকির খবর পাওয়ার পরপরই এসব স্থানে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তল্লাশি চালাচ্ছেন।

এএনআই জানিয়েছে, এখন পর্যন্ত তল্লাশিতে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তবে স্বাধীনতা দিবস সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Tags: